সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত এসব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পরবর্তী সিদ্ধান্ত ও ফ্লাইটের নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে।
এদিকে, জরুরি প্রয়োজনে যাত্রীদের সৌদি আরবে যাতায়াতের জন্য জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।
যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে উড়োজাহাজের সক্ষমতা বাড়ানো হয়েছে। এ রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করায় প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বেড়েছে।
পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।