দীর্ঘ প্রায় ৯ বছর পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। নব্বইয়ের দশক থেকে শুরু করে দীর্ঘ সময় বাংলা সিনেমার প্লেব্যাকে নিজের মায়াবী কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি।
একসময় চলচ্চিত্রের গানে ছিল তার একচ্ছত্র উপস্থিতি। তবে প্রায় এক দশক ধরে সিনেমার প্লেব্যাক থেকে দূরে ছিলেন এই শিল্পী। দীর্ঘ বিরতি কাটিয়ে এবার ‘রাজকুমারী’ শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি ব্যবহৃত হবে ‘নসীব’ নামের একটি সিনেমায়।
‘রাজকুমারী’ গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল।
সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। গানটিতে কনকচাঁপার সঙ্গে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের। তিনি কানাডা থেকে গানটির জন্য নিজের অংশের কণ্ঠ ধারণ করবেন।
দীর্ঘ বিরতির পর প্লেব্যাকে ফেরা প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ঠিক কত দিন পর ফিরেছেন, তা মনে না থাকলেও আট থেকে নয় বছর তো হবেই। শেষবার ছটকু আহমেদের ‘পাথরের মন’ সিনেমায় গান গেয়েছিলেন তিনি।
এবার ফেরার পেছনে গীতিকার কবির বকুলের বিশেষ ভূমিকা রয়েছে। এর আগেও একাধিকবার তাকে গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এবার তার অনুরোধ আর উপেক্ষা করতে পারেননি কনকচাঁপা।
নতুন গানটির কথা ও সুরও তার ভালো লেগেছে। দীর্ঘদিন পর রেকর্ডিং স্টুডিওতে হেডফোন কানে দিয়ে দাঁড়ানোর মুহূর্তটি ছিল তার কাছে ভীষণ আবেগের। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না বলেও জানান এই শিল্পী।