রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনায় ড্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক চিঠিতে এ ব্যবস্থা নেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আজ সকালে আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঘটিত অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে, তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না- এ মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাবের সভাপতি ও মহাসচিব বরাবর যথাযথ জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
চিঠির অনুলিপি অবগতির জন্য ড্যাবের প্রধান উপদেষ্টা, সভাপতি এবং কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আইইডিসিআর পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার দিকে পরিচালকের কক্ষে এ ঘটনা ঘটে।
অধ্যাপক কাজী আহমেদ জাকি অভিযোগ করেছেন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনা ঘটিয়েছেন।
মারধরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পরিচালক নিজের কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় আট থেকে নয় জন তার কক্ষে ঢুকে তাকে চেয়ার থেকে টেনে তোলেন। এরপর তাকে মারধর করেন।