আসন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে বিশ্বজুড়ে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য বড় ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসরাইল।
দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, বিদেশ সফররত ইসরাইলি ও ইহুদিদের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি আগের চেয়ে অনেক বেড়েছে।
এই সতর্কতার অংশ হিসেবে ইসরাইলিদের ভ্রমণের জন্য চরম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসরাইলি সরকারের মূল আশঙ্কা, ইরান ও তাদের বন্ধুপ্রতীম নানা গোষ্ঠী বিদেশে থাকা ইসরাইলিদের ওপর হামলা চালাতে পারে।
আগামী অক্টোবরে ইসরাইল-হামাস সংঘাতের বর্ষপূতিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ইসরাইলবিরোধী সহিংস বিক্ষোভ ও হামলা বাড়তে পারে বলে তারা ধারণা করছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া ও আলজেরিয়া সফরে ইসরাইলিদের বিশেষ সতর্কতা অবলম্বন ও ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া ইরান, সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনের মতো দেশগুলোতে ইসরাইলিদের যাতায়াত আইনত নিষিদ্ধ করা হয়েছে। জর্ডান, কাতার, মিসর ও তুরস্ককেও ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে।
বিদেশে অবস্থানরত ইসরাইলি নাগরিকদের নিজেদের পরিচয় গোপন রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
জনসমক্ষে হিব্রু ভাষায় কথা বলা, ধর্মীয় পোশাক বা প্রতীক ব্যবহার করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান প্রকাশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
একই সঙ্গে যেকোনো ধরনের বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলা এবং জরুরি সহায়তার ব্যবস্থা সাথে রাখার আহ্বান জানানো হয়েছে।