যুবদলের চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংগঠনিক পদ হারানোর অভিযোগ ওঠা ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
বহিষ্কারের ৫৮ দিন পর শুক্রবার রাতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া পাঁচ নেতা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার এবং আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।
এর আগে, চলতি বছরের ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছিল।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে এই পাঁচ নেতার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই। এখন থেকে তারা দলীয় সব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।