মূল সংবাদে যান
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির শেষ পর্যায়ে আলোচনায় যারা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির শেষ পর্যায়ে আলোচনায় যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বিদায়ী বার্তার আভাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে যেকোনো সময় সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে বলে আলোচনা রয়েছে।

নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাইয়ের বিষয়ে বিএনপির শীর্ষ পর্যায় থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, ছাত্রশিবিরের সঙ্গে রাজনৈতিক প্রতিযোগিতা মোকাবিলা এবং সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রদলকে আরও সক্রিয় ও শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

এদিকে, বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যেও নতুন কমিটি নিয়ে আলোচনা বেড়েছে। সম্ভাব্য নেতৃত্বের বিষয়ে বিভিন্ন পর্যায়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে সংগঠনটির একাধিক নেতা জানিয়েছেন।

সভাপতি পদে আলোচনায় যারা

সভাপতি পদে আলোচনায় থাকা নেতাদের মধ্যে এগিয়ে রয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত আমান বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।

বিগত সরকারের সময় পুলিশ ও ছাত্রলীগ দারা ব্যাপক নির্যাতনের স্বীকার হন আমান। প্রধানমন্ত্রী তারেক রহমান আমানের ত্যাগের বিষয়টি জানেন ও তাকে পছন্দ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে দীর্ঘ সময় জেল-জুলুমের স্বীকার হতে হয়েছে আমানকে।

সভাপতি পদে আলোচনায় থাকা আরেক নাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইজাজুল কবির রুয়েল। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজপথের সক্রিয়তার কারণে সংগঠনের বিভিন্ন পর্যায়ে তার নাম আলোচনায় রয়েছে।

এ ছাড়া সহ-সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ এবং এইচ এম আবু জাফর-এর নামও সম্ভাব্য সভাপতি হিসেবে আলোচনায় রয়েছে। সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে তাদের সক্রিয়তার বিষয়টি নেতাকর্মীদের মধ্যে আলোচনায় এসেছে।

সভাপতি পদে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানও। ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তিনি ছাত্রদলের পক্ষ থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছিলেন। দলীয় রাজনীতির কারণে ওই সময় তিনি গ্রেপ্তার ও হয়রানির শিকার হয়েছিলেন বলে সংশ্লিষ্টরা দাবি করেন।

এ ছাড়া সহ-সভাপতি শাফি ইসলাম ও খোরশেদ আলম সোহেল-এর নামও সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সূর্যসেন হলের সাবেক সভাপতি শামিম আকতার শুভ।

এ ছাড়া কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মমিনুল ইসলাম জিসান, প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ এবং মো. তরিকুল ইসলাম তারিক-এর নামও আলোচনায় রয়েছে।

পাশাপাশি কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স-এর নামও সম্ভাব্য তালিকায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

মাঠপর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম জিসান ও ফারুক হোসেন-এর নাম বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে। ৫ আগস্টের আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাদের ভূমিকার কথাও নেতাকর্মীদের মধ্যে আলোচিত হচ্ছে।

এ ছাড়া প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ-এর নামও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছে।

শেষ সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্বের

তবে কারা শেষ পর্যন্ত ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে আসছেন, তা এখনো নিশ্চিত নয়। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির শীর্ষ নেতৃত্বের অনুমোদনের ওপর নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় সিন্ডিকেটের শ...

পরের সংবাদ

রাশিয়াকে সহায়তা করলেই ১০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।