ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এবার কলাভবনের পাশে ও ব্যবসায় শিক্ষা অনুষদের মধ্যে একযোগে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে ব্যবসায় শিক্ষা অনুষদের একজন অধ্যাপকের প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার পর এফবিএস ভবনের সামনে গাড়িটি পার্ক করে রেখে ওই শিক্ষকের প্রাইভেটকারের চালক সোহেল (৩৬) ভিতরেই বসে ছিলেন। এমন সময় হঠাৎ দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
এতে তিনি গুরুতরভাবে আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইমারজেন্সিতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা জানান, এফবিএস ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের পাশাপাশি পার্শ্ববর্তী শ্যাডোতেও আরেকটি ককটেল ফাটানো হয়েছে।
এ বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন বলেন, আমাদের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। আমরা সিসিটিভি ফুটেজগুলো চেক করছি। আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম এবং ফুটেজটা দেখেছি।
বিস্ফোরণে শুধু গাড়ির ড্রাইভার আহত হয়েছেন, আর কেউ আহত হওয়ার খবর আমরা পাইনি। শিক্ষার্থীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে প্রক্টর অফিসকে বিষয়টি জানিয়েছি এবং থানায় খবর দিয়েছি। পুলিশের এক্সপার্টরা এসে আলামত দেখে ডিটেক্ট করতে পারবেন যে ককটেলটি ঠিক কোন জায়গা থেকে মারা হয়েছে।