যশোরের কেশবপুর উপজেলায় একটি ধানখেত থেকে অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যার দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেত থেকে মরদেহ দুটি পুলিশের হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেতে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
পরে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি নিজেদের হেফাজতে নেয়। নিহত উভয়ের বয়স আনুমানিক ৫০ বছর।
এ বিষয়ে কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, নিহত পুরুষের পরনে লুঙ্গি ও গায়ে গামছা রয়েছে এবং নারীর পরনে রয়েছে ম্যাক্সি। স্থানীয় এলাকাবাসী তাদের পরিচয় শনাক্ত করতে পারেননি।
ওসি আরও জানান, যশোর থেকে পুলিশের ফরেনসিক দল আসার পর তাদের উপস্থিতিতে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।
মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।