গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নিতে হামলার ঘটনা ঘটেছে।
মাদক কারবারিদের এই হামলায় ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল আসিক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে মাদক সেবন ও ব্যবসার খবর পেয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের ফাঁড়িতে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়।
এর কিছুক্ষণ পর কয়েকজন মাদক কারবারি দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে ফাঁড়িতে হামলা করেন। এ সময় তারা তালাবদ্ধ কক্ষে এলোপাতাড়ি কোপ দিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এতে বাধা দিলে এসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আসিকের ওপর হামলা চালানো হয়। এতে তারা আহত হন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, মাদকসহ আসামি গ্রেপ্তারের পর মাদক কারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা করেছে। এতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম চলছে জানিয়ে ফারুক হোসেন বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।