ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের জন্য কে এম রকিবুল ইসলাম রিপনকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।
সোমবার (২৪ আগস্ট) হেলেন জেরিন খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, তার দায়িত্বপ্রাপ্ত এলাকা জাতীয় সংসদের ২১১ নম্বর আসন ফরিদপুর-১-এর অন্তর্ভুক্ত মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার মানুষের সঙ্গে যোগাযোগ এবং প্রশাসনিক কাজে সমন্বয়ের জন্য কে এম রকিবুল ইসলাম রিপনকে ফরিদপুর-১ আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
চিঠিতে বিষয়টি সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো হয়েছে। এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক এবং মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।
হেলেন জেরিন খান বর্তমানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্বাক্ষরিত চিঠিতে ফরিদপুর-১ আসনের স্থানীয় পর্যায়ে যোগাযোগ ও প্রশাসনিক সমন্বয়ের জন্য রিপনকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, “সংসদ সদস্য হেলেন জেরিন খান আমাকে ফরিদপুর-১ আসনের প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব দিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানের। তিনি আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে তা পালনের চেষ্টা করব।
মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনা এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়াই হবে আমার প্রধান কাজ।
আমি দল-মত নির্বিশেষে এলাকার মানুষের পাশে থাকতে চাই। সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় করে ফরিদপুর-১ আসনের মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”