নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে তিন ফসলি কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি গাড়ির ব্যাটারিও জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে দিকে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া এলাকায় সোহাগী বাজারসংলগ্ন বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে তিন ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার অপরাধে মো. জসিম উদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আত্রাই উপজেলার ধুলাউড়ি গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।
নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সার্বিক নিরাপত্তায় নলডাঙ্গা থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শামীম হোসেন বলেন, কৃষিজমির উর্বরতা, পরিবেশের ভারসাম্য ও খাদ্য উৎপাদন সুরক্ষায় অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তিন ফসলি জমি দেশের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তার গুরুত্বপূর্ণ সম্পদ। এসব জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়া হলে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।