মূল সংবাদে যান
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিতের হওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বাংলাদেশ সময় সোমবার গভীররাতে ভেনিস শহরের মেস্ত্রে এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিনেত্রী ফেইসবুক লাইভে বলেন, আওয়ামী লীগের একদল কর্মী তার গায়ে পানি ও কোক ছুড়েছে।

“তারা আমার গায়েও হাত তুলেছে। আমার ফোন ফেলে দিয়েছে, আমার কানের এখানে বাড়ি মেরেছে।

“...তারা বলেছে যে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইতে আন্দোলনে অংশগ্রহণ করেছি। তারা বলেছে যে, তারা বঙ্গবন্ধুর সৈনিক। তারা আমাকে বলেছে যে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে।

তো এবং তারা সেগুলো ভিডিও করেছে এবং সেগুলো তারা লাইভ করছিল, আপলোড করছিল।”

বাঁধন আক্ষেপ করে বলেন, “আওয়ামী লীগের যেই কর্মীরা জানেন না যে, আমি বাংলাদেশ থেকে যে সিনেমাটা নিয়ে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে আসছি, সেই সিনেমাটার ডিরেক্টর হচ্ছে রুবাইয়াত হোসেন।

“যার বাবা আপনাদের একজন সম্মানিত মন্ত্রী ছিলেন। আপনারা একটু খবর নিয়ে দেখবেন। সো, আমি তার সাথে কাজ করেছি এবং জুলাইয়ের পরেই কাজ করেছি।”

রোববার সন্ধ্যায় ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয় রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত আওয়ামী লীগের মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মেয়ে।

ঘটনার বর্ণনায় বাঁধন বলেন, “আমি যে হোটেলে আছি তার পাশের একটা পার্কে রাতে হাঁটতে গিয়েছিলাম, আমার ভাই, আমার ভাইয়ের ছোট বাচ্চা যার বয়স চার বছরও হয় নাই; সে চিৎকার করে কান্না করছিল এবং তারা (আক্রমণকারীরা) উল্লাস করছিল।”

লাইভের একপর্যায়ে অভিনেত্রী বলেন, “আমি জেনেছি যে, সজীব ওয়াজেদ জয় উনিও এসেছেন ভেনিসে। তো আমি মনে করি যে তার পর্যন্ত কথাটা আপনারা পৌঁছাবেন।

“আমি আশা করব যে এই ধরনের আচরণ যারা করে, তাদেরকে কোনো দলেরই অংশ করা উচিত বলে আমি মনে করি না।”

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একদল ব্যক্তি বাঁধনের দিকে পানি ছুড়ছে। তাকে শারীরিকভাবে আক্রমণও করা হয়। এ সময় কোলে বাচ্চা নিয়ে এক ব্যক্তি আক্রমণ ঠেকানোর চেষ্টা করছেন।

ঘটনাস্থলে ওই ব্যক্তির স্ত্রীও ছিলেন, যিনি আক্রমণকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। বাঁধন এক পোস্টে তাদেরকে ‘কাজিন’ ও তার পরিবার বলে পরিচয় করিয়ে দিয়েছেন।

আক্রমণকারী দলের কেউ কেউ ঘটনাটি ফেইসবুকে লাইভ করেন। তাদের একজনকে বলতে শোনা যায়, “এই যে জুলাই জঙ্গি! যিনি দেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে... এই যে দেখতেই পাচ্ছেন, ভেনিসে আছে। আমরা ভেনিস ছাত্রলীগ। এই ডিম আনো! ডিম আনো! …আমরা দেশদ্রোহী জঙ্গি, এই জঙ্গি; আমরা তাকে গোসল করিয়ে দিয়েছি।”

ওই ব্যক্তি বলতে থাকেন, “ওরা দেশটা ধ্বংস করছে! আজকে প্রত্যেকটা জায়গায় মানুষের লাশ পাওয়া যায় বাংলাদেশে! কোনো মানুষের শান্তি নাই!”

একপর্যায়ে তিনি বলেন, “আমরা ইতালির ছাত্রলীগ! আমরা বঙ্গবন্ধুর সৈনিক! বাংলাদেশের যেকোনো প্রান্তে ওরা যাবে, আমরা তাদের প্রতিহত করব! জুলাই জঙ্গি! তুই জঙ্গি! জঙ্গি! ডলারে বিক্রি হয়েছিল, ডলারে।”

পরে বাঁধন সাবেক সাংবাদিক নাজমুস সাকিবকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ঘটনার পর ফোন পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।

“তারা যেভাবে আসলে বাংলাদেশের একজন নাগরিককে, একজন নারীকে যেভাবে আঘাত করেছে, সেইটার জন্য আমি আশা করি যে এখানে আমি জাস্টিস পাব। আমি কমপ্লেইন করব, আমি কেস ফাইল করব, তারপরে আমি এ দেশ থেকে যাব।

“…আমি মনে করি যে এখানে জাস্টিস আমি পাব। আমি কেসটা ফাইল করে যাব এবং আমি এখানকার আমাদের যে এম্বাসি আছে; তাদেরকে বলে যাব ফলোআপ করার জন্য। যেহেতু আমি এখানে থেকে আসলে কেসটা কন্টিনিউ করতে পারছি না, বাট আমি এনশিওর করব যে এখানে যারা অবৈধভাবে আছেন, তারা যাতে অ্যারেস্টেড হয়। এবং যারা বৈধভাবেও আছেন, তারা আসলে এটা একটা অফেন্স করেছে। সো, এটা তো একটা দণ্ডনীয় অপরাধ। সো সেই অপরাধের শাস্তি যাতে তারা পায়, ডেফিনেটলি।”

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোচ্চার ছিলেন এই অভিনেত্রী।

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধনের পাশে ফেইসবুকে সরব হয়েছেন জুলাই আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

পরের সংবাদ

ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী!

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।