জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্ট চলাকালে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমির অনুসারী এবং একজন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরদারের অনুসারী বলে জানা গেছে। আহত তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনসংলগ্ন মাঠে ছাত্রদলের আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের কনসার্ট চলাকালে এ সংঘর্ষ হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২১তম আবর্তন) নবীন শিক্ষার্থীদের বরণ করতে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কনসার্ট চলাকালে সুমন সরদারের নেতৃত্বাধীন পক্ষের নেতাকর্মীদের সঙ্গে মোস্তাফিজুর রহমান রুমির অনুসারীদের প্রথমে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় রুমির অনুসারী ১২ ব্যাচের শাওন ও আলিফ গুরুতর আহত হয়েছেন। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্যদিকে, সুমন সরদারের নেতৃত্বাধীন পক্ষের একজন নেতাকর্মীও গুরুতর আহত হয়েছেন। আহত তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মঞ্চে উপস্থিত ছিলেন। এর মধ্যেই অনুষ্ঠানস্থলের একাংশে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়।
সংঘর্ষের কারণ ও আহতদের বিষয়ে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল নেতাদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বুধবার দিনব্যাপী বিভিন্ন আয়োজন ছিল। রাতে অনুষ্ঠানের শেষ পর্বে কনসার্টের আয়োজন করা হয়।