লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মঙ্গলবার বিকেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুইটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে তারা পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি-আমঝোল সীমান্ত এলাকায় ৯০৭ নম্বর প্রধান সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আমঝোল সীমান্তের কাছে কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশে ঢুকে তাদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুইটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।
পরে বনচৌকি সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও ওয়াকিটকিটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
ঘটনার খবর পেয়ে বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, 'এ বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের অনুরোধ জানানো হয়েছে। বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।'