মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- ঢাকার খিলগাঁয়ের মো. মারুফ (৪০) ও পটুয়াখালীর মো. রাসেল (৩৫)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৮ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে খবর আসে, পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে ৮ জন ব্যক্তি নদীতে গোসল করতে নামেন। তারা শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের স্টাফ।
গোসল করতে নামলে স্রোতের টানে তারা ভেসে যেতে থাকেন। এ সময় ৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি ২ জন নিখোঁজ হন। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না হওয়া পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে।