মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাইডার গ্রুপের অ্যাডমিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
রাইডার গ্রুপের অ্যাডমিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

যশোরে বিয়ের আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্ক এবং পরে বিয়ে করতে অস্বীকৃতির অভিযোগে মোটরসাইকেল রাইডার গ্রুপের অ্যাডমিন ইয়ামল আলম পিয়ালের (২৭) বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক নারী।

মামলার বাদী ২৭ বছর বয়সী ওই নারী যশোর উপশহর এলাকার বাসিন্দা। অভিযুক্ত পিয়াল শহরের চারখাম্বার মোড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে ফেসবুকের মাধ্যমে ওই নারীর সঙ্গে পিয়ালের পরিচয় হয়।

এরপর মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়মিত কথাবার্তা চলতে থাকে। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এজাহারে ওই নারী অভিযোগ করেন, প্রায় চার মাস আগে থেকে পিয়াল তাঁকে বিয়ের আশ্বাস দিতে থাকেন। সেই আশ্বাসে বিশ্বাস করে তিনি সম্পর্ক এগিয়ে নেন। পরবর্তী সময়ে পিয়াল তাঁকে নিজের বাড়িতে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া কক্সবাজারসহ বিভিন্ন স্থানে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগও করেছেন বাদী।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ গত ১৬ আগস্ট পিয়াল ওই নারীকে ফোন করে তাঁর বাড়ির সামনে যেতে বলেন। সেখানে পৌঁছালে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

ওই রাতে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে দাবি করেন বাদী। এ সময় বিয়ের প্রসঙ্গ তুললে পিয়াল নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ তাঁর।

ওই নারীর দাবি, পরবর্তী সময়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি পিয়ালকে জানালে শরিয়ত মোতাবেক বিয়ে করার আশ্বাস দেন তিনি।

তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে একপর্যায়ে পিয়াল তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই নারী পিয়ালের বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানান। তখন পিয়াল ক্ষিপ্ত হয়ে তাঁকে গালিগালাজ করেন এবং ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি স্বজন ও পরিচিতজনদের জানিয়ে ওই নারী যশোর কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভিযোগের বিষয়ে মোটরসাইকেল রাইডার গ্রুপের অ্যাডমিন ইয়ামল আলম পিয়ালের বক্তব্য জানতে তাঁর দুটি মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে উভয় নম্বর বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শার্শায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পরের সংবাদ

শনিবার খোলা থাকবে সব ব্যাংক

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।