করোনাকালে স্বাস্থ্য খাতের সরঞ্জাম ও সেবা কেনাকাটায় ১২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।
দুদক সচিব জানান, করোনা মহামারির সময় বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত জরুরি প্রকল্পে মাস্ক, পিপিই, ইলেকট্রিক বেড ও অ্যাপ তৈরিসহ বিভিন্ন কেনাকাটায় ব্যাপক অনিয়ম হয়।
তিনি আরো জানান, বিশ্বব্যাংকের দেওয়া তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানে নামে দুদক। এতে ভুয়া বিল-ভাউচার ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১২ কোটি ৩ লাখ টাকা লুটপাটের সংশ্লিষ্টতা পেয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রকল্প পরিচালকসহ ১৩ জনের বিরুদ্ধে ৬টি মামলার সিদ্ধান্ত নেয় কমিশন।