সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালি এলাকায় পুকুরের পানিতে ডুবে একই এলাকার দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাটকেখালির গফুর সাহেবের বাড়ির পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- বাটকেখালি এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা (১০) এবং একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণির ছাত্র লাবিব (৯)।
স্থানীয় এলাকাবাসী ও স্বজনদের কাছ থেকে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব বাড়ি থেকে বের হয়ে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়।
দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা বাড়ি না ফেরায় স্বজনেরা চিন্তিত হয়ে পড়েন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
বেলা ১১টার দিকে লাবিবের বাবা সাদ্দাম হোসেন পুকুরঘাটে গিয়ে দুই শিশুর স্যান্ডেল দেখতে পেয়ে সন্দেহ করেন।
পরে তিনি নিজেই পুকুরে নেমে সন্ধান চালিয়ে পানির নিচ থেকে শিশু দুটিকে একে একে উদ্ধার করেন। ততক্ষণে তাদের মৃত্যু হয়।
সন্তানদের হারিয়ে শোকে বাকরুদ্ধ হাবিবার বাবা হাবিবুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সকালেও তো আমার মেয়েটা চোখের সামনে খেলা করল। প্রতিদিনের মতো গোসল করতে গিয়ে যে আর ফিরবে না, তা আমরা কল্পনাও করিনি।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, “পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।”
সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাসহ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একই এলাকার দুই কোমলমতি শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।