দেশ থেকে অনেক দিন ধরেই দূরে আছেন চিত্রনায়িকা মৌসুমী। তিন বছর ধরে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। এবার সেখানে বৈধভাবে স্থায়ীভাবে বসবাসের ‘গ্রিন কার্ড’ পেয়েছেন তিনি।
সুখবরটি মৌসুমী নিজেই জানিয়েছেন। শনিবার যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী-পরবর্তী একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে খবরটি জানান এই নায়িকা।
মৌসুমী যুক্তরাষ্ট্রে ২০২৩ সাল থেকে বসবাস করছেন। সেখানে তার মেয়ে ফাইজার পড়াশোনা করছে। মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী সম্প্রতি জানিয়েছেন, তাদের মেয়েও যুক্তরাষ্ট্রের ‘গ্রিন কার্ড’ধারী।
বৈধভাবে স্থায়ী বসবাসের অনুমতি না পাওয়ায় এত দিন মৌসুমীর দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। তবে এখন আর সেটি থাকছে না, তিনি তার সুবিধা অনুযায়ী দেশে আসা-যাওয়া করতে পারবেন।
মৌসুমীর ‘গ্রিন কার্ড’ পাওয়ার বিষয়টি চিত্রনায়ক ওমর সানীও জানিয়েছেন। নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে এই নায়ক লেখেন, ‘অভিনন্দন ফারদিন এবং ফাইজার আম্মু।’