অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটিং অর্ডারে আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিশেষ করে তিন নম্বর পজিশন নিয়ে নতুন করে ভাবছে দলটির নির্বাচকরা। আর সেই জায়গায় ফেরানো হতে পারে অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথকে।
সাম্প্রতিক সময়ে তিন নম্বরে ব্যাট করা মার্নাস লাবুশেনের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে তিন ইনিংসে মাত্র ৩৬ রান করার পরও দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন তিনি।
তবে তিন নম্বর পজিশনে তার বিকল্প হিসেবে একাধিক নাম বিবেচনায় রাখছে অস্ট্রেলিয়া। এই আলোচনায় সবচেয়ে বড় নাম স্টিভ স্মিথ।
ক্যারিয়ারের বড় একটি সময় তিন নম্বরে ব্যাট করেছেন তিনি। ওই পজিশনে ৩০ ইনিংসে তার ব্যাটিং গড় ৬৫.২২, আর ৩৭টি টেস্ট সেঞ্চুরির মধ্যে আটটি এসেছে তিন নম্বরে ব্যাট করে।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, স্মিথকে তিন নম্বরে ফেরানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
“স্টিভ তার ক্যারিয়ারের বড় একটি অংশ তিন নম্বরে ব্যাট করেছে। কিছুদিন ধরে সে সেখানে খেলেনি, তবে ওই পজিশনে তার সাফল্য রয়েছে। তাই এটি অবশ্যই আলোচনার একটি বিষয় হবে।”
তবে স্মিথ নিজে সাম্প্রতিক সময়ে চার নম্বর পজিশনেই বেশি স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন। ফলে তাকে তিনে ফেরালে ব্যাটিং অর্ডারে আরও পরিবর্তন আনতে হতে পারে। বিশেষ করে ট্রাভিস হেডকে আবারও মিডল অর্ডারে ফেরানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
অস্ট্রেলিয়ার ১৬ সদস্যের টেস্ট দলে লাবুশেনের পাশাপাশি জায়গা পেয়েছেন তরুণ অলরাউন্ডার কুপার কনোলি ও জশ ইংলিস। কনোলিকেও ভবিষ্যতে টপ অর্ডারে ব্যাট করানোর সম্ভাবনার কথা জানিয়েছেন বেইলি।
আগামী ৯ অক্টোবর ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের সিরিজ। এর আগে ব্যাটিং অর্ডার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকছে নির্বাচকদের সামনে।
ফলে তিন নম্বরে শেষ পর্যন্ত লাবুশেনই থাকবেন, নাকি পুরনো পজিশনে ফিরবেন স্মিথ সেটিই এখন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের বড় প্রশ্ন।