শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতার অভিযোগে আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন মাস্টারের বিরুদ্ধে।
এ ঘটনায় তার কাছে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।
গত সোমবার (৯ নভেম্বর) লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সূত্রে জাহাঙ্গীর আলম নামে এক আওয়ামী লীগ নেতাকে ঝিনাইগাতী থানা পুলিশ আটক করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। তিনি উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা এবং ধানশাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ওই ইউনিয়নের একজন ইউপি সদস্য।
ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৫ নভেম্বর ঝিনাইগাতী থানা-পুলিশ নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে গোলাপ হোসেন নিজের দলীয় পদ ও প্রভাব ব্যবহার করে তাকে থানা থেকে ছাড়িয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে এ ধরনের কর্মকাণ্ডকে দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী উল্লেখ করে গোলাপ হোসেন মাস্টারের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান জানান, অভিযোগটি দলীয়ভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যাচাই-বাছাই করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই গোলাপ হোসেন মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন মাস্টার বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আমি কোনো আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনিনি কিংবা এ বিষয়ে কোনো তদবিরও করিনি। নির্ধারিত সময়ের মধ্যেই নোটিশের লিখিত ও স্পষ্ট জবাব দলের ঊর্ধ্বতন ফোরামে দাখিল করব।’
ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ বলেন, পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা গ্রহণ করে। থানায় প্রভাব খাটিয়ে কোনো আসামিকে ছাড়িয়ে নেওয়ার সুযোগ নেই।
তবে ওই দিন একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইউপি সদস্য আলমকে থানায় আনা হয়েছিল। পরে পরোয়ানায় উল্লেখিত নাম ও ঠিকানার সঙ্গে তার নাম-ঠিকানার মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।