‘আমিররাও ভাগ খায়’ লিখে জামায়াত নেতার পোস্ট, এলাকায় তোলপাড়
‘আমিররাও ভাগ খায়’ প্রশ্ন রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতের এক নেতা। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। রোববার শইমী ইমরান হিকিম নামে ওই জামায়াত নেতা ফেসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে এমন পোস্ট করেন।
পোস্টকারী ওই নেতা কুড়িগ্রামের রৌমারী উপজেলার জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক। নির্দিষ্ট কোনও নেতার নাম উল্লেখ না করে পদবিকে ইঙ্গিত করে পোস্টটি দেওয়া হলেও তা জামায়াতের উপজেলা আমিরকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শইমী ইমরান হিকিম তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমিররাও ভাগ খায়? ভাগ পায়, ভালোই তো ভাগাভাগির রাজনীতি। সামনে আরও কত কিছু দেখবো। বিকারগ্রস্ত ব্যক্তির দ্বারা সব সম্ভব।’
তার পোস্টটি নজরে পড়ে স্থানীয় নেতাকর্মীদের। তার পোস্টে উপজেলা আবু সাঈদ ইউনিটের সভাপতি মো. মাহবুব আলম ওই পোস্টের মন্তব্যের ঘরে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘জামায়াতে ইসলামীর আমির মানে একটা উপজেলার জামায়াত ইসলামের অভিভাবক। সেই অভিভাবক যদি কারও সঙ্গে লিঁয়াজু মেনটেন্ট করে চলে, অন্যায় প্রশ্রয় দিয়ে চলে, জামায়াতের এমপিকে ছোট করার জন্য নিজেকে বড় করে জাহির করে চলে; অন্যায় করলে প্রমাণ না থাকার পরেও বিচার করার হিম্মত বা সাহস না থাকে- তাহলে আমির দিয়েই বা কী হবে?’
একই পোস্টে দলীয় ভাগাভাগির ইঙ্গিত দিয়ে মেহেদি হাসান মিথুন নামে আরেক জামায়াত কর্মী মন্তব্য করেন, ‘ ৬০%-৪০% খাওয়া-দাওয়া বেশ হচ্ছে।’
জামায়াত নেতা শইমী ইমরান হিকিমের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করে পোস্টের বিষয়ে জানতে চাইলে তিনি কোনও সাড়া দেননি।
প্রসঙ্গত, জামায়াত নেতা শইমী ইমরান হিকিমের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রয়েছে। এ ছাড়া অপর জামায়াত নেতা মাহবুব আলমের বিরুদ্ধে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও শহীদ আবু সাঈদ হত্যা মামলার আইনজীবী রায়হান কবীরের ওপর হামলা, গরু নিলাম প্রক্রিয়ায় চাঁদাবাজি এবং ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মারধরের অভিযোগ রয়েছে।