প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সেখানে নেতাকর্মীরা মতবিনিময় সভা করেন।
এরপর আওয়ামী লীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।
শপথবাক্যে নেতাকর্মীরা বলেন, ‘যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনতে না পারব, ততক্ষণ সংগ্রাম চলবে। তাকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।’
এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌর সভাপতি শেখ ইফতি জামান পল্লব নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান বলে জানা গেছে। পরে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ বিষয়ে শেখ ইফতি জামান পল্লব বলেন, ‘আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা পার্টি অফিস খুলে দিয়েছি, যাতে টুঙ্গিপাড়ার মানুষ এখানে বসতে পারেন। এই অবৈধ ও ফ্যাসিস্ট সরকার প্রশাসন দিয়ে পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল।
এরপর আমরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। বঙ্গবন্ধু সারা বাংলাদেশের সম্পদ। এই সমাধি আজ থেকে সবার জন্য উন্মুক্ত।’
সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনও তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।
এরপর দীর্ঘদিন সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখে প্রশাসন। কমপ্লেক্সের তিনটি ফটকে পুলিশ মোতায়েনসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।