মূল সংবাদে যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, বিপাকে কৃষক

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, বিপাকে কৃষক

নাটোরের সিংড়া উপজেলায় টানা দুই দিনের বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। জমিতে পানি জমে কেটে রাখা ধান তলিয়ে যাওয়ায় ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। একই সঙ্গে পাকা ধান কাটতে না পারায় ফসলের গুণগত মান নষ্ট হওয়া ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে বৃষ্টির পানিতে কেটে রাখা আমন ধান তলিয়ে রয়েছে। কোথাও ধানের গোছা পানির নিচে, আবার কোথাও কাটা ধান জমিতেই পড়ে আছে। জমিতে পানি জমে থাকায় নতুন করে ধান কাটা ও কেটে রাখা ধান ঘরে তুলতে পারছেন না কৃষকেরা।

উপজেলার শ্রীকোল গ্রামের কৃষক মো. আব্দুল হক বলেন, ‘জমির ধান পেকে যাওয়ায় আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা দেখে দ্রুত ধান ঘরে তোলার চেষ্টা করছিলাম। এ জন্য শ্রমিকদের বেশি মজুরি দিয়েও ধান কাটাচ্ছিলাম। আমার মোট ১০ বিঘা জমির মধ্যে ৪ বিঘার ধান ঘরে তুলতে পেরেছি। বাকি ৬ বিঘা জমির ধান হঠাৎ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। সময়মতো ধান ঘরে তুলতে না পারায় এখন দুশ্চিন্তায় আছি।’

ডাহিয়া ইউনিয়নের কৃষক আশরাফুল ও নুরুল ইসলাম বলেন, ‘ধান পেকে গেছে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ধান কাটা শুরু করতে পারছি না। দ্রুত আবহাওয়া ভালো না হলে জমির পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।’

স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে এবং জমিতে জমে থাকা পানি সরে না গেলে পাকা ধানের গুণগত মান কমে যেতে পারে। এতে উৎপাদন খরচের পাশাপাশি আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারেন তাঁরা।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে।

হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমে কৃষকেরা দুর্ভোগে পড়েছেন। তবে আগামী দু-এক দিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এতে কৃষকদের তেমন ক্ষতি হবে না বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

মুন্সীগঞ্জে শ্রমিক দলের কার্যালয়ে আগুন

পরের সংবাদ

শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষায় অংশ নিল ৭ শতাধিক শিক্ষার...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।