সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৭০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দুটি কেন্দ্রে (বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও বিজ্ঞান) চারটি বিষয়ের ওপর প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় পরিষদের রাজস্ব আয় (হোল্ডিং ট্যাক্স ও ব্যবসায়িক কর) থেকে প্রাপ্ত অর্থে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আব্দুর রশিদ উচ্চবিদ্যালয় ও আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা—এই দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রশিদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় দাশ, অভিভাবক মো. সায়েম, মো. সিতু মিয়া, পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাসুক আলী, অভিভাবক ও মহিলা সদস্য মোছা. মরিয়ম বেগম, ইউপি সদস্য গোলাম কিবরিয়া ও সুমন মিয়াসহ অনেকে।
এ ব্যাপারে দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া বলেন, ‘একটি জাতির সার্বিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়া। কাজেই গত বেশ কয়েক বছর ধরে আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স (কর) হিসেবে যে অর্থ আদায় করা হয়, সেই টাকার একটি অংশ থেকে ইউনিয়নের সাধারণ জনগণের ছেলেমেয়েদের পড়াশোনায় মনোনিবেশ করতেই মূলত এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বিশ্বাস করেন, ইউনিয়নের সচেতন জনগণ একটু বেশি সচেতন হয়ে তাঁদের সন্তানদের স্কুলগামী করলে প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে। এই পশ্চাৎপদ ও অবহেলিত জনপদ দরগাপাশা ইউনিয়নের নতুন প্রজন্মের সন্তানরা একদিন উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে বিরাট অবদান রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তবে এই ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে ও বিভিন্ন গ্রামের বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের টিউবওয়েল থাকলেও অধিকাংশ টিউবওয়েল অকেজো হয়ে পড়ে আছে। টিউবওয়েল দিয়ে পানি না আসায় ছাত্রছাত্রীসহ সাধারণ জনগণ বিশুদ্ধ পানীয় জলের অভাবে নদী-নালা ও খাল-বিলের পানি পান করে বিভিন্ন ধরনের রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এসব বিষয়ে নজর দিতে তিনি সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানান।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া শিক্ষার মানোন্নয়নে এমন মহতী উদ্যোগ নিয়েছেন, এ জন্য তাঁকে স্বাগত জানাই।’
তিনি বলেন, ‘সুনামগঞ্জ একটি হাওরবেষ্টিত জনপদ এবং এখানকার শিক্ষার মান নিম্নমুখী। তাই শিক্ষার মান বাড়াতে এবং অভিভাবক ও বর্তমান প্রজন্মের শিশুদের স্কুলগামী করতে প্রাথমিক স্তরে মেধা যাচাই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ তিনি এমন উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।