মূল সংবাদে যান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

চিত্রশিল্পী মুরলী মোহনের প্রদর্শনীতে ‘শ্রমজীবী মানুষের বন্দনা’

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
চিত্রশিল্পী মুরলী মোহনের প্রদর্শনীতে ‘শ্রমজীবী মানুষের বন্দনা’

সমাজে পিছিয়ে পড়া খেটে খাওয়া মেহনতী মানুষের জীবনসংগ্রাম ও তাঁদের অবদানের কথা ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন তরুণ চিত্রশিল্পী মুরারি মুরলী মোহন। ‘রিয়েল আর্টিস্ট অব সোসাইটি’ শিরোনামে তাঁর প্রথম একক চিত্র প্রদর্শনী শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে শুরু হয়।

বিকেলে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পাঠকক্ষে পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ভাস্কর মাহবুব জামাল শামীম ও জনপ্রিয় তরুণ চিত্রশিল্পী সোহাগ পারভেজ।

প্রদর্শনীতে মোট ৪০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। যেখানে রং-তুলির আঁচড়ে ফুটে উঠেছে কামার, কুমার, তাঁতি, কৃষকসহ হারিয়ে যেতে বসা বিভিন্ন পেশাজীবী মানুষের দৈনন্দিন জীবনের আবেগ ও লড়াইয়ের গল্প।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী মুরারি মুরলী মোহন তাঁর শিল্পকর্মের পেছনের ভাবনা তুলে ধরে বলেন, “গ্রামে বেড়ে ওঠার সুবাদে শৈশব থেকেই শ্রমজীবী মানুষের কষ্ট খুব কাছ থেকে দেখেছি।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী কঠোর পরিশ্রমের ফল এক সময় পাওয়া যায়, কিন্তু এই মানুষগুলোর বেলায় চিত্রটি ভিন্ন। তারা প্রাপ্য সম্মান ও অধিকার থেকে বরাবরই বঞ্চিত।”

কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উক্তির প্রতিধ্বনি করে শিল্পী আরও বলেন, “ঈশ্বর যেন কেবল ভদ্রপল্লীতেই বাস করেন; খেটে খাওয়া এসব মানুষের জন্য যেন সৃষ্টিকর্তার দরজাও বন্ধ।

অথচ এই মেহনতী মানুষগুলো যদি এক দিন কাজ কিংবা খাদ্য উৎপাদন বন্ধ করে দেন, তবে থমকে যাবে পুরো মানবসভ্যতা। যে পেশাজীবী মানুষগুলো সভ্যতার ভিত্তি গড়ে তুলছেন, আমার চোখে তারাই প্রকৃত শিল্পী। তাঁদের বাঁচিয়ে রাখার তাগিদ থেকেই এই প্রয়াস।”

চিত্র প্রদর্শনীটি আগামী ৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকছে। বিকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চিত্র দেখতে প্রদর্শনী কক্ষে ভিড় জমান।

এছাড়া ঢাকা থেকে আসা জনপ্রিয় তরুণ চিত্রশিল্পী সোহাগ পারভেজ কাজ থেকে চিত্র এঁকে নেওয়ার জন্য দর্শনার্থীরা ভীড় জমান। তিনি অনেকের খাতায় চিত্র এঁকে দেন।

তরুণ চিত্রশিল্পী মুরারি মুরলী মোহনের এই প্রদর্শনী ঘিরে শিল্পসচেতনদের মাঝে আগ্রহের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বপ্নে বড় ধাক্কা

পরের সংবাদ

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।