যশোর কোতোয়ালী মডেল থানা ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা ও চাঁদা দাবি করা হচ্ছে। এ ঘটনায় গণ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারক চক্রের ফাঁদে না পড়তে সর্বসাধারণকে সতর্ক করেছে যশোর জেলা পুলিশ।
জেলা পুলিশের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ০১৬০৬-৩০৭১৪৩ নম্বর থেকে যশোর কোতোয়ালী মডেল থানা ও বেনাপোল পোর্ট থানার ওসি পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধভাবে টাকা ও চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বেনাপোল পোর্ট থানার নবাগত ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, থানার আওতাধীন এলাকায় দুটি পুলিশ বক্স নির্মাণের কথা বলে ওই নম্বর থেকে বিভিন্ন মানুষকে ফোন করে আর্থিক সহায়তা চাওয়া হচ্ছে বলে জানা গেছে।
পুলিশের পরিচয় ব্যবহার করে কেউ আর্থিক সহায়তা চাইলে আগে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন ওসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নম্বর থেকে পুলিশের কর্মকর্তা পরিচয়ে কেউ টাকা, চাঁদা বা অন্য কোনো আর্থিক সুবিধা দাবি করলে কোনো অবস্থাতেই অর্থ প্রদান করা যাবে না।
একই সঙ্গে প্রতারকের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ানোর আহ্বান জানানো হয়েছে । এ ধরনের ফোনকল পেলে কিংবা প্রতারণার শিকার হলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯, কোতোয়ালী মডেল থানার ওসির সরকারি নম্বর ০১৩২০-১৪৩১৮০ ও বেনাপোল পোর্ট থানার ওসির সরকারি নম্বর ০১৩২০-১৪৩১৮৮ এ যোগাযোগ করে বিষয়টি জানানোর অনুরোধ করেছে পুলিশ।
পাশাপাশি এ ধরনের প্রতারণা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার এবং সতর্কতামূলক বার্তাটি আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে যশোর জেলা পুলিশ।