মূল সংবাদে যান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে ৭ম আঞ্চলিক কাব স্কাউট ক্যাম্পুরির উদ্বোধন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নাটোরে বর্ণাঢ্য আয়োজনে ৭ম আঞ্চলিক কাব স্কাউট ক্যাম্পুরির উদ্বোধন

শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার প্রত্যয়ে নাটোরে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটসের ছয় দিনব্যাপী ৭ম আঞ্চলিক কাব স্কাউট ক্যাম্পুরি।

‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্যে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের ঐতিহাসিক রাণী ভবানী রাজবাড়ী চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পুরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পুরির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্কাউট আন্দোলন শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। এর মাধ্যমে শিশুরা শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, আত্মনির্ভরশীলতা ও মানবিকতার শিক্ষা লাভ করছে।

নিজেদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি তারা সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখছে। আজকের কাব স্কাউটরাই আগামী দিনে দেশ পরিচালনার যোগ্য নেতৃত্বে পরিণত হবে।

বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের অবদানের কথা তুলে ধরে হুইপ বলেন, বিশ্বের প্রায় ছয় কোটি স্কাউট সদস্য মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন। তাদের এই নিঃস্বার্থ ও অসামান্য অবদান ভবিষ্যতে আরও ব্যাপকভাবে মূল্যায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. মোঃ রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধান অতিথি কাব স্কাউট সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন। পাশাপাশি স্কাউট সদস্যদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটন এলাকার মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ প্রায় ২ হাজার ২০০ জন এ ক্যাম্পুরিতে অংশ নিয়েছেন। আগামী ৪ নভেম্বর ছয় দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে।

ক্যাম্পুরিতে শিশুদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও পারস্পরিক সহমর্মিতা বিকাশে ১২টি উপদলীয় কার্যক্রম এবং পাঁচটি উৎসবের আয়োজন করা হয়েছে।

এসব কার্যক্রমের মধ্য দিয়ে শিশুদের মধ্যে দলগত কাজের মানসিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

এইচএসসিতে অকৃতকার্যের খবর শুনে হাসপাতালে শিক্ষার্থী

পরের সংবাদ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।