কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন নাফিউল (২০) নামের এক পরীক্ষার্থী।
পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নিয়ে এসেছেন স্বজনরা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরীক্ষার্থী নাফিউল ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি এ বছর উপজেলার আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধীনে মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নাফিউল জানতে পারেন, তিনি অকৃতকার্য হয়েছেন। এ খবর শোনার পর তিনি কয়েকবার জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নাফিউলের বোন সুরাইয়া আক্তার বলেন, আমার ভাই বলেছিল তার পরীক্ষা ভালো হয়েছে। সে ভেবেছিল, নিশ্চিত পাস করবে। কিন্তু ফলাফলে ফেল করেছে জানতে পেরে সে বিষয়টি সহ্য করতে পারেনি। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, নাফিউলকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে তিনি সুস্থতা বোধ করায় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে সৃষ্ট মানসিক চাপ থেকে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই ধরনের পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া অত্যন্ত জরুরি।