মূল সংবাদে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

চুয়েটে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫; সাংবাদিককে মারধর

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
চুয়েটে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫; সাংবাদিককে মারধর
ছবিঃ এআই

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হওয়া সংঘর্ষ পরে প্রধান ফটকের সামনেও ছড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে হামলা ও মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয় সাংবাদিক মো. মিসবাহ উদ্দীন স্বাধীন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে এক জুনিয়রকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত। সপ্তাহখানেক আগে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন।

এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামের এক শিক্ষার্থী তাদের একজনকে ডেকে নিয়ে যান। এ নিয়ে ভৈরবের পক্ষ থেকে আপত্তি জানানো হলে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে জুনিয়র শিক্ষার্থীর সঙ্গে দেখা করতে নিষেধ করার ঘটনায় ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনায় বসেন। দুই পক্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ কয়েকজন মারামারিতে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে আরেক দফা সংঘর্ষ হয়।

এ বিষয়ে ভৈরব বর্মণ বলেন, ‘আমার সঙ্গে ঝামেলা করে পাঁচজন। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. আবদুল্লাহ কাজীরা ছিল।

শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসছিলাম। আলোচনা সুন্দর চলছিল, ওরা নিজেরা সিন ক্রিয়েট করে আমার বন্ধুদের মারে। এ রকম পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এ পরিস্থিতিতেই মারামারি শুরু হয়।’

চুয়েট চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন। অন্য দুই শিক্ষার্থী চিকিৎসকের পরামর্শ না নিয়ে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান।

এদিকে সংঘর্ষের ভিডিও ধারণ করছিলেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন স্বাধীন। সংঘর্ষ থামাতে এগিয়ে আসা ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীও একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় ওই শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী মিসবাহকে আটকে ভিডিও ধারণের কারণ জানতে চান। পরে তার ওপর চড়াও হয়ে মারধর করেন।

হামলাকারীদের পরিচয় জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত করা হবে। শনাক্তের পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মাসুম রানা প্রামাণিক জানান, শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনার কথা শুনেছি। তবে ঘটনাস্থলে উপস্থিত না থাকায় বিস্তারিত জানাতে পারেননি। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ও প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তাদের পাওয়া যায়নি।

একটি সূত্রে জানা গেছে, উপাচার্যকে ঘিরে সৃষ্ট চলমান সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান থাকায় তারা অফিসে আসছেন না। যে কারণে তাদের ফোন করেও পাওয়া যাচ্ছে না। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

পরের সংবাদ

ফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদু

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

জীবনযাপন

সব সংবাদ