মূল সংবাদে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর তীব্র বাধার মুখে পড়েছে পুলিশ। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন স্থানীয় লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মিরুকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন পুলিশ সদস্যরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গ্রামবাসী পুলিশের কাছ থেকে মিরুকে ছিনিয়ে নেন। পরে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গ্রামবাসীর ধাওয়ার মুখে ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ সদস্যরা।

হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক পিন্টু বলেন, আমার ভাইকে গ্রেপ্তার করতে বেশ কয়েক মাস ধরেই গ্রামে অভিযান চালায় পুলিশ। প্রায় প্রতিদিনই গ্রামে পুলিশ ঢোকে। এর মধ্যে গ্রামের কিছু সাধারণ মানুষকেও তারা গ্রেপ্তার করে। শুক্রবার বিকেলে আমার বড় ভাইকে গ্রেপ্তারের জন্য তার নিজ বাসভবনে অভিযান চালায়।

এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নারী-পুরুষসহ গ্রামবাসীকে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে স্লোগান দিতে দেখা যায়।

তবে পুলিশের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের জন্যই সেখানে পুলিশ অভিযান চালায়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজনের ইনফরমেশনে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।

পরবর্তীতে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বের হয়েছিল। মহিলারাও রাস্তায় ব্যারিকেড দিয়ে ফেলেছিল। পরে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।

পুলিশের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, আমরা আমাদের মতো চলে এসেছি। ওরা পেছন থেকে চিল্লাচিল্লি করেছে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

তিন দফায় কত বাড়ল স্বর্ণের দাম

পরের সংবাদ

চুয়েটে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫; সাংবাদিককে মারধর

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

জীবনযাপন

সব সংবাদ