মূল সংবাদে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেরোবি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেরোবি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
ছবিঃ নিউজ ফাস্ট

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ইসলামী ছাত্রশিবির। মিছিল থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা বন্ধ এবং জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ এবং ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদ বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। দলটির বিরুদ্ধে গুম, খুন ও হত্যার রাজনীতির অভিযোগ রয়েছে। পতিত স্বৈরাচার আবারও দেশে বিভাজনের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে।

তিনি বলেন, জুলাই-আগস্টে শেখ হাসিনার শাসনামলে দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। প্রাণ হারিয়েছে শিশুরাও। আওয়ামী লীগকে আর দেশে ফিরে আসতে দেওয়া হবে না। কেউ বিভাজন, খুন ও নৈরাজ্যের রাজনীতি ফিরিয়ে আনতে চাইলে জনগণ তা প্রতিহত করবে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে রাকিব মুরাদ বলেন, একটি দল বারবার বলেছে, নির্বাচন হলেই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে তারা নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। জাতীয় ঐক্য চাইলে এবং বিভাজনের রাজনীতি বন্ধ করতে হলে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কমিটিতে স্থান দেওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। একদিকে জাতীয় ঐক্যের কথা বলে অন্যদিকে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

গণভোটের রায় মেনে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নৈরাজ্য ও ফ্যাসিবাদী রাজনীতি প্রতিহত করা সম্ভব হবে।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান খান সৌরভ বলেন, সন্ত্রাস ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব। ভারত যদি বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের নোংরা খেলা করতে চায়, তা এ দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। জুলাইয়ে দেশের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, প্রয়োজনে ভবিষ্যতেও ছাত্রসমাজ ও জনগণ ঐক্যবদ্ধভাবে যেকোনো নৈরাজ্য প্রতিহত করবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে সারা দেশের ছাত্রসমাজ ও বিভিন্ন সংগঠনকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানাই।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

লক্ষ্মীপুরে ১৪ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

পরের সংবাদ

পকেট মারতে আজহারীর মাহফিলে ৩৭ নারী, অতঃপর...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

জীবনযাপন

সব সংবাদ