মূল সংবাদে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ঋণ না পেয়ে ‘দালালে ভরা হাইব্রিড বিএনপি’ মন্তব্য, পদও ছাড়লেন ছাত্রদল নেতা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ঋণ না পেয়ে ‘দালালে ভরা হাইব্রিড বিএনপি’ মন্তব্য, পদও ছাড়লেন ছাত্রদল নেতা
ছবিঃ নিউজ ফাস্ট

স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ পাওয়ার আশা পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দলীয় পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন। ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি’ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে দলের নেতাকর্মীদেরও রাজনীতি ছেড়ে ক্যারিয়ারে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে ৮ মিনিট ২০ সেকেন্ডের ভিডিও বক্তব্য পোস্ট করে এ ঘোষণা দেন শামীম। ক্যাপশনে তিনি লেখেন, ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আল্লাহ হাফেজ।’

শামীম রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে। নতুন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বল্প সুদে ঋণ কর্মসূচিতে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও চূড়ান্ত তালিকায় নিজের নাম না থাকায় হতাশা ও ক্ষোভ থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শামীম।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার জন্য আবেদন আহ্বান করা হলে শামীমও আবেদন করেন। প্রাথমিকভাবে নির্বাচিত ৫০ জনের মধ্যে ছিলেন তিনি। পরে বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখায় মৌখিক পরীক্ষায় অংশ নেন। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ছয়জনের তালিকা প্রকাশ করা হলে তাতে তার নাম ছিল না।

ভিডিও বক্তব্যে শামীম বলেন, ‘বৃহস্পতিবার রাতে দেখলাম তরুণ উদ্যোক্তাদের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কালীগঞ্জ থেকে পাঁচ শতাধিক উদ্যোক্তা আবেদন করেছিলেন, সেখানে আমিও করেছিলাম। প্রাথমিকভাবে ৫০ জনকে বাছাই করা হয়েছিল, সেখানে আমি ছিলাম। খুলনায় ভাইভা দিয়ে এসেছি। এই ৫০ জনের মধ্যে আমরা মাত্র দুইজন ছিলাম ছাত্রদলের পদধারী- আমি এবং কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তৌহিদ। ভেবেছিলাম যেহেতু আমরা উদ্যোক্তা ও ছাত্রদল করি, যোগ্যতায় আমরা নির্বাচিত হব।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। কিন্তু তিনি থানা বা জেলাকেন্দ্রিক কাদের নিয়োগ দিয়েছেন, আমি জানি না। আমার মনে হয় দালালদের নিয়োগ দিয়েছেন। অতীতের দুর্দিনে ও সংগ্রামে আমরা সামনের সারিতে থেকে ছাত্রদল করেছি। এই দল করতে গিয়ে চারটি মামলা খেয়েছি, শিক্ষাজীবনের দুটি বছর নষ্ট হয়েছে এবং ৮৭ দিন জেল খেটেছি। অথচ এমন একটি সুন্দর উদ্যোগ থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে। নির্বাচিত করা হয়েছে আওয়ামী পরিবারের সন্তানদের, যাদের অনেকেই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে শামীম বলেন, ‘আপনি কাদের নিয়োগ দিয়েছেন একটু খতিয়ে দেখুন। এই দল দালালরাই ভোগ করবে, আমার মতো ছাত্রনেতাদের কিছুই হবে না। আমরা শুধু আন্দোলন করবো, মামলা খাবো, জেল খাটব এবং হামলার স্বীকার হবো তাছাড়া আমাদের কিছুই হবে না। তাই এখনো যারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত আছেন, তাদের কাছে অনুরোধ করব আপনারা এই রাজনীতি থেকে বের হয়ে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিন।’

তিনি বলেন, ‘অনেকেই জানেন আমার পাখি ও কবুতরের একটা ফার্ম রয়েছে। এই ফার্মের কারণে সারা দেশের মানুষ আমাকে চেনে। পাশাপাশি গরুর খামার শুরু করেছি। এই ঋণটা পেলে ভালো কিছু করার আশা ছিল।'

বক্তব্যের শেষ অংশে তিনি বলেন, ‘আমি আমার দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো মিছিল-মিটিং ও কর্মসূচিতে সম্পৃক্ত থাকব না। দলীয় কোনো কারণে আমাকে কেউ ফোন দেবেন না বা ডাকবেন না। আজ থেকে চির সমাপ্তি।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে শামীম হোসেন বলেন, ‘কারও প্ররোচনা বা কাউকে ছোট করার জন্য ভিডিওটি পোস্ট করিনি। দলের জন্য নিজের ক্যারিয়ার শেষ করেছি, কিন্তু ক্ষমতায় আসার পর শুধু অবহেলা পেয়েছি। এই হতাশা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন, ‘ছাত্রনেতা শামীমের ভিডিও পোস্টটি দেখেছি। ব্যস্ততার কারণে এখনো তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, তবে যোগাযোগের চেষ্টা করছি।’ 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামিকে বিদায় করল কলম্বাস

পরের সংবাদ

‘হাসিনা সুস্থ আছেন’ প্রমাণে যে কাণ্ড করল আ.লীগ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

জীবনযাপন

সব সংবাদ