মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে উপস্থিত শিক্ষার্থীরা। ছবিঃ নিউজ ফাস্ট

‘প্রজ্ঞায় দীক্ষায় অদম্য পথচলা, গৌরবের অধ্যায় ঢাকা কলেজ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি সায়েন্সল্যাব এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ঢাকা কলেজের রয়েছে গৌরবময় ঐতিহ্য। এ প্রতিষ্ঠান শুধু আন্দোলন-সংগ্রাম ও রাজনীতিতেই নয়, বরং দেশের বরেণ্য রাজনীতিবিদ, লেখক, কবি ও সাহিত্যিক তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ৫২ ও ৭১-এর চেতনার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন। অথচ পাঠ্যপুস্তকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি। ইতিহাসের নিরপেক্ষতা নিশ্চিত করে সত্য ও ন্যায়ভিত্তিক বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

ডিএনসিসির প্রশাসক আব্দুস সালাম বলেন, ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি মনে করেন, দেশে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হয়েছে। তবে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, তা ধরে রাখতে হবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

র‍্যালিতে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও স্নাতক (সম্মান) পর্যায়ের সব বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরফত আলী সপু, কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তারুজ্জামানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।