রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি। নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।
এর আগে ১ জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার (১১ নভেম্বর) সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
আবেদনের বিষয়ে তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ নভেম্বর থেকে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন তাদের বিষয়ে বলেন, যেসকল শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবেন, তাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আবেদন সাপেক্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য নতুন করে ৫-৭ দিন সময় দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা শিথিলের বিষয়ে উপাচার্য বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
অন্যদিকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।