যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়স: এশিয়া ২০২৭’-এ গত বছরের তুলনায় ৪৩ ধাপ এগিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এবারের র্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬৪৪তম অবস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৬৮৭তম।
গত ৩ নভেম্বর কিউএসের নিজস্ব ওয়েবসাইটে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৭ সালের র্যাঙ্কিং প্রকাশ করা হয়। এতে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে যবিপ্রবি। পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান ১৮০তম। এর আগে ২০২৪ সালের কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে যবিপ্রবি ৫৫১-৬০০ অবস্থানের মধ্যে স্থান পেয়েছিল, যা ছিল বিশ্ববিদ্যালয়টির এ পর্যন্ত সর্বোচ্চ অবস্থান।
এবারের র্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর বলেন, ‘গতবারের তুলনায় এবার এশিয়া র্যাঙ্কিংয়ে যবিপ্রবি ৪৩ ধাপ এগিয়েছে, যা আমাদের জন্য আনন্দের ও আশাব্যঞ্জক খবর। আমি বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘তবে আমাদের আরও ভালো করার সুযোগ রয়েছে। সেসব ক্ষেত্র চিহ্নিত করে ভবিষ্যতে সবাই মিলে কাজ করতে চাই। যবিপ্রবিকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করছি।’