মূল সংবাদে যান
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩

যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার (৪ নভেম্বর) সকালে যশোর-খুলনা মহাসড়কের পৃথক দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের ওবাইদুল কাদেরের ছেলে আব্দুল্লাহ আল আপন (২২), দেয়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে ভ্যানচালক আব্দুল ওহাব (৫৫) এবং একই গ্রামের আব্দুল মঈন বিশ্বাসের ছেলে আব্দুস সামাদ বিশ্বাস (৫০)।

নিহত আপন পায়রাহাট ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ভৈরব সেতুসংলগ্ন মশরহাটী গ্রামে যশোর-খুলনা মহাসড়কে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আব্দুল ওহাব ও ভ্যানযাত্রী আব্দুস সামাদ বিশ্বাস গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে কলেজছাত্র আব্দুল্লাহ আল আপন তাঁর বন্ধু আল-আমিনকে (২৮) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মহাসড়কে ঘুরতে বের হন।

উপজেলার চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আপন ও আল-আমিন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে কলেজছাত্র আপনের মৃত্যু হয়। আহত আল-আমিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম পৃথক দুটি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে। ঘাতক বাস ও ট্রাক আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পরের সংবাদ

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ এগিয়েছে যবিপ্রবি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।