চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার বিকেলে উপজেলার শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নওশাদ আলম সাহেরখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডোমখালি এলাকার জসিম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে নওশাদ আলমকে ১টি এলজি, ৪টি ছোরা ও ৫টি রকেট প্যারাসুট প্লেয়ারসহ গ্রেপ্তার করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ১টি এলজি, ৪টি ছোরা ও ৫টি রকেট প্যারাসুট প্লেয়ারসহ নওশাদ আলম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যোগাযোগ করা হলে মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এসএম সুমন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্র বাজের জায়গা হবে না। কারো ব্যক্তিগত দায় দল নেবে না। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।