ফিলিস্তিনের গাজা সিটিতে মেডিকেল সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) একটি ক্লিনিকে ইসরায়েলি হামলায় সংস্থাটির দুই কর্মী নিহত হয়েছেন। নিহত দুজনই ক্লিনিকের নিরাপত্তাকর্মী ছিলেন।
শনিবার (২৮ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হামলার তথ্য জানায় এমএসএফ। সংস্থাটি জানায়, তাদের গাজা সিটির একটি ক্লিনিকে ইসরায়েলি হামলায় দুই সহকর্মীর মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। হামলাটিকে সরাসরি আঘাত (ডাইরেক্ট হিট) বলে উল্লেখ করেছে সংস্থাটি।
এমএসএফ আরও জানায়, এ নিয়ে গাজায় তাদের নিহত কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
সংস্থাটির দাবি, ক্লিনিকটি এমএসএফের লোগো দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত ছিল। এ ছাড়া স্থাপনাটির অবস্থান ইসরায়েলি সামরিক বাহিনীকে আগেই জানানো হয়েছিল এবং তারা এ সম্পর্কে অবগত ছিল।
হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, হামলার পর দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, নিহত দুই কর্মী হামাসের সদস্য ছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস। তিনি হামলাটিকে ‘আপত্তিকর ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যারা অন্যের জীবন বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলছেন, তাদের সুরক্ষা দেওয়া উচিত, আক্রমণ করা নয়।’