তেল, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), রাসায়নিক পণ্য ও বিস্ফোরক পদার্থবাহী ৫০টি জাহাজে সাইবার হামলার ঘটনায় ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। এসব হামলার পেছনে তেহরানের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে অবগত কয়েকজনের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরেও সাইবার অভিযান চালিয়ে সংঘাতের পরিধি বাড়াচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগের মধ্যে ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার শিকার কয়েকটি জাহাজকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। কোনো কোনো জাহাজে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হলেও এসব হামলার পেছনে রাশিয়ারও ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়, এমন কোনো প্রমাণ এখনো পায়নি যুক্তরাষ্ট্র।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামলার শিকার অন্তত চারটি জাহাজ যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছালে সেগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড বিশেষ দল মোতায়েন করে। জাহাজগুলো মার্কিন বন্দরে পৌঁছানোর আগেই সম্ভাব্য হুমকি মোকাবিলা ও ঝুঁকি কমাতে কাজ করে দলগুলো।
এ ছাড়া হামলার শিকার অন্য কয়েকটি জাহাজ ইউরোপ ও এশিয়ার কাছাকাছি সমুদ্রসীমায় চলাচল করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।