ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে ঐক্য সরকার গঠনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিয়াচাদ পার্টির প্রধান নাফতালি বেনেট। তিনি বলেছেন, গাদি আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এমনকি নেতানিয়াহু বা তার জোটের সঙ্গে কোনো পরিস্থিতিতেই সরকার গঠন করবে না তার দল।
শনিবার (২১ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন বেনেট। গত বুধবার নেতানিয়াহুর সঙ্গে তার দীর্ঘ বৈঠকের পর রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। ওই বৈঠকের পর ধারণা করা হচ্ছিল, আইজেনকটের নেতৃত্বাধীন জোট থেকে সরে আসতে পারেন বেনেট।
বেনেট বলেন, অংশীদারদের সঙ্গে নিয়ে গাদি আইজেনকোটের নেতৃত্বে জাতীয় পুনর্গঠনের সরকার প্রতিষ্ঠায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নেতানিয়াহু যাতে পরবর্তী প্রধানমন্ত্রী না হন, সেটিও নিশ্চিত করতে চান তিনি।
এদিকে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন আইজেনকোট। রোববার থেকে দুই দলের মধ্যে ধারাবাহিক আলোচনা শুরুর কথা রয়েছে।
আইজেনকোটের দল ইয়ারাশ এক বিবৃতিতে জানিয়েছে, যতটা সম্ভব বিস্তৃত ঐক্য সরকার গঠনের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে লিকুদকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। সমঝোতায় পৌঁছাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
তবে আলোচনায় বসার আগে বেশ কিছু শর্ত দিয়েছে লিকুদ। দলটি নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, উসকানি এবং রাজনৈতিক বয়কট বন্ধের দাবি জানিয়েছে। পাশাপাশি ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়— এমন দলগুলোকে নিয়েই ঐক্য সরকার গঠনের বিষয়ে যৌথ ঘোষণা চেয়েছে তারা।
এ ছাড়া যেসব দলকে তারা সন্ত্রাসবাদে সমর্থনকারী বলে অভিযোগ করে, তাদের নিয়ে সরকার গঠনের উদ্যোগ পরিত্যাগের দাবি জানিয়েছে লিকুদ। এ শর্ত মূলত আরব সংখ্যাগরিষ্ঠ রা'আম ও জয়েন্ট লিস্ট পার্টিকে জোটের বাইরে রাখার উদ্দেশ্যে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঐক্য সরকারের জন্য চারটি মূলনীতি প্রস্তাব করেছে নেতানিয়াহুর দল। এগুলো হলো—ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা, গাজা-লেবানন-সিরিয়ায় ইসরাইলের নিরাপত্তা অঞ্চল বজায় রাখা এবং কট্টরপন্থি ইহুদি ধর্মীয় নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবার বিষয়টি নির্ধারণ।
তবে আইজেনকোট বারবার জানিয়ে আসছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে তিনি যোগ দেবেন না। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন উল্লেখ করে তাকে ভবিষ্যতে সরকারি দায়িত্বে না রাখার পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।
এদিকে সরকার গঠন নিয়ে বিরোধী জোটের নেতাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইসরাইল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যান কট্টরপন্থি ইহুদি দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের পক্ষে। অন্যদিকে ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান আরব দল রা'আম ও জয়েন্ট লিস্টের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।
তবে গোলান জানিয়েছেন, কট্টরপন্থি ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনে তিনি বাধা দেবেন না। একই সঙ্গে নেতানিয়াহুকে ক্ষমতায় টিকিয়ে রাখবে—এমন কোনো কথিত ঐক্য সরকারে যোগ দেবেন না বলেও জানিয়েছেন তিনি।
লিবারম্যানের মতে, নেতানিয়াহুর রাজনৈতিক জোট ভাঙতে হলে শাসক জোটের শরিক শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে সমঝোতা করতে হবে। এ জন্য রাজনৈতিক ও আদর্শিক মূল্য দিতে হলেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।
অন্যদিকে ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন আইজেনকোট। দলটি কট্টরপন্থি ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে নতুন প্রস্তাবের অপেক্ষায় রয়েছে। দলটির ধর্মীয় নেতারা আগের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের নির্বাচনে আইজেনকোট ও তার মিত্ররা পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৪৮টি পেয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৩। তবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তার জোট। কট্টরপন্থি ইহুদি দলগুলোর হাতে রয়েছে আরও ১৩টি আসন। এসব দলের সমর্থন আইজেনকটের পক্ষে গেলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হতে পারে।