ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালিতে শনিবার (২১ নভেম্বর) দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে।
গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকারের পেছনের অংশে (স্টার্ন) অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। এতে জাহাজটির ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একই সময়ে আরেকটি তেলবাহী ট্যাংকারের ইঞ্জিনকক্ষেও আঘাত হানার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউকেএমটিও। তবে দ্বিতীয় জাহাজটির ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
প্রথম ট্যাংকারটির ঘটনা ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে ঘটেছে। তবে দুটি হামলার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
যুদ্ধের আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালি।
ইরানের পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী পাহারা দিচ্ছে বলে জানানো হয়েছে।
তবে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।