আট বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় বিতর্কের জন্ম দিয়েছিল অস্ট্রেলিয়া। এক টুকরো স্যান্ডপেপার, বল টেম্পারিং এবং তিন ক্রিকেটারের নিষেধাজ্ঞা সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে তোলপাড় সৃষ্টি হয়েছিল।
কিন্তু আট বছর পর সেই ঘটনা নিয়েই নতুন করে প্রশ্ন উঠেছে। সত্যিই কি কেবল তিনজন ক্রিকেটার জড়িত ছিলেন, নাকি পুরো দলেরই জানা ছিল সেই পরিকল্পনার কথা?
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে ক্যামেরায় ধরা পড়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটের বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা।
পরে জানা যায়, স্যান্ডপেপার ব্যবহার করে বলের একটি অংশ ঘষে রিভার্স সুইং আদায়ের চেষ্টা করেছিলেন তিনি। ঘটনার তদন্তে অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ব্যানক্রফটকে দায়ী করা হয়।
শাস্তি হিসেবে স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাস এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এত বছর পর সেই ঘটনার ভিন্ন চিত্র তুলে ধরেছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা।
নিজের আত্মজীবনী Sabr-এ খাজা দাবি করেছেন, বল টেম্পারিংয়ের ঘটনা শুধু কেপটাউন টেস্টেই সীমাবদ্ধ ছিল না। এর আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল।
খাজার দাবি, দলের একাধিক সদস্য বিষয়টি জানতেন। এমনকি পুরো দলেরই এই ঘটনার দায় নেওয়া উচিত ছিল। এখানেই শেষ নয়। এবার মুখ খুলেছেন ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ক্যামেরন ব্যানক্রফটও।
১৮ নভেম্বর প্রকাশিত নিজের বক্তব্যে ব্যানক্রফট দাবি করেন, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা ডেভিড ওয়ার্নারের কাছ থেকেই এসেছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, বিষয়টি শুধু স্মিথ, ওয়ার্নার ও তাঁর মধ্যে সীমাবদ্ধ ছিল না; পুরো দলই জানত।
তিনি আরও দাবি করেন, বলের রিভার্স সুইং কার্যকর হচ্ছে কি না, তা নিয়ে বোলারদের সঙ্গে নিয়মিত আলোচনা করতেন তিনি। এই তালিকায় প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও মিচেল মার্শের নামও উল্লেখ করেছেন।
অন্যদিকে, ডেভিড ওয়ার্নারও খাজার বক্তব্যকে সমর্থন করে জানিয়েছেন, তাঁর বর্ণনা শতভাগ সঠিক। তবে খাজা ও ব্যানক্রফটের এই দাবির সঙ্গে একমত নন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তাঁর আগে থেকে কোনো ধারণা ছিল না। খাজার দাবিকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন।
মিচেল স্টার্কও আগে থেকে বিষয়টি জানার অভিযোগ অস্বীকার করেছেন। অর্থাৎ, একই দলের ক্রিকেটারদের বক্তব্যে এখন তৈরি হয়েছে বড় ধরনের বিরোধ।
এদিকে, নতুন অভিযোগগুলো সামনে আসার পর ক্রিকেট অস্ট্রেলিয়া সাবেক ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনার জন্য একটি স্বাধীন আলোচনার উদ্যোগ নিয়েছে। তবে সংস্থাটি জানিয়েছে, মূল তদন্ত নতুন করে শুরু করার পরিকল্পনা নেই।
আট বছর আগে যে কেলেঙ্কারি অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভাবমূর্তিতে বড় আঘাত হেনেছিল, তা কি এবার নতুন কোনো সত্য সামনে আনবে? নাকি এই বিতর্কের আড়ালে চাপা পড়ে থাকবে অনেক প্রশ্নের উত্তর? উত্তর খুঁজছে ক্রিকেট বিশ্ব।