আগামী বছরের ১৮ জুন শুরু হবে এশিয়া কাপ। ১১ বছর পর এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। এশিয়া কাপের আগে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে জন্য পাকিস্তান ও শ্রীলংকাকে প্রস্তাব দিয়েছে বিসিবি।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এই প্রস্তাব দেয় বিসিবি। যা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি সাংবাদিকদের জানান, বাংলাদেশ পরবর্তী এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক মুখপাত্র বলেছেন, ‘আমরা বাংলাদেশে হতে যাওয়া এশিয়া কাপকে কেন্দ্র করে পাকিস্তান-শ্রীলংকাকে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছি এবং উভয় দেশ তাতে ইতিবাচক সাড়া দিয়েছে।’
বিসিবির মুখপাত্র জানান, ‘যেহেতু এটি আমাদের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব এবং উভয় দেশই তা বিবেচনা করছে, তাই আমরা এখনই এ নিয়ে ঘোষণা দিতে পারছি না। তারা এতে (ত্রিদেশীয় সিরিজে) অংশ নেবে কি না, সে বিষয়ে তাদের সিদ্ধান্ত পরবর্তীতে আমাদের জানাবে।’
প্রসঙ্গত, সবশেষ ২০১৬ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল স্বাগতিকরা।