মূল সংবাদে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইরানের হামলায় বাহরাইনে শিল্পকারখানায় আগুন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ইরানের হামলায় বাহরাইনে শিল্পকারখানায় আগুন
ছবিঃ সংগৃহীত

বাহরাইনে একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে স্থাপনাটির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল জাজিরার

শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী। তারা বলেছে, ইরান থেকে ছোড়া একাধিক আকাশপথের হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘটনাকে ‘ইরানের আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তথ্যে স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে কেউ হতাহত হননি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দেশটির জরুরি উদ্ধার ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

তবে হামলার শিকার শিল্প স্থাপনাটির নাম কিংবা অবস্থান প্রকাশ করেনি বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে দেশটিতে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। এ সময় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ। তবে কী ধরনের হামলার আশঙ্কা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালানো হয়েছে। এতে ঘাঁটি দুটিতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তারা।

আইআরজিসির দাবি, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসনের জবাবেই এ অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছিল। এর জবাবে আইআরজিসির মহাকাশ বাহিনী ওই সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায়।

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, বাহরাইনের শেখ ঈসা ও জুফাইর এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি।

ইরানের দাবি, দেশটির হেনগাম দ্বীপে একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেও এ অভিযান চালানো হয়েছে।

এদিকে বাহরাইনের সিত্রা দ্বীপে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাতে সংস্থাটি জানায়, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বারবার যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।

তবে এ দাবির বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শাকিবের পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

পরের সংবাদ

খাবার খাওয়ার সময় নবীজি (সা.) যে বিষয়গুলো মেনে চলতেন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।