কক্সবাজারে টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের জন্য জিম্মি করে রাখা নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ আভিযানিক দল।
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
অভিযান চলাকালে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যেতে সক্ষম হন। তবে ঘটনাস্থল থেকে ৫ নারী, ২ পুরুষ ও ৮ মাস বয়সী এক শিশুসহ মোট ৮ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা বলে জানা গেছে। পরে উদ্ধারকৃত ব্যক্তিদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সেনাবাহিনী ৮ জন ভিকটিম আমাদের কাছে দিয়েছে, পরবর্তীতে যাচাই-বাছাই করে রোহিঙ্গা ক্যাম্প বা পরিবারের কাছে স্থানান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।