সিলেটে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে ২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৫৭ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ৮ জনের।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ নভেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ মাস বয়সী সুমাইয়া আক্তারের মৃত্যু হয়েছে। তার অভিভাবকের নাম সাদিক মিয়া। শিশুটির বাড়ি সিলেট সদর উপজেলার শিবেরবাজার এলাকায়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে মৃত্যুটিকে সন্দেহভাজন হামজনিত মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৫৭ জনের মধ্যে সিলেট জেলার ১০৮ জন, হবিগঞ্জের ৪৩ জন, মৌলভীবাজারের ৪ জন এবং সুনামগঞ্জের ২ জন রয়েছেন।
বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৩৯ জন হাম রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৪৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৯৬ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ হাজার ৮২৫ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৫৬ জন, হবিগঞ্জে ২৭৬ জন, মৌলভীবাজারে ১৭২ জন এবং সুনামগঞ্জে ৯২১ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন।
এ ছাড়া বিভাগীয় প্রতিবেদনে জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে সিলেটে ৯৮ জন, হবিগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ১৭ জন এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যুর তথ্য রয়েছে। সব মিলিয়ে বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ২২৬ জন।