বগুড়ার শিবগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে পুটু মিয়া (৬০) নামের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুটু মিয়া শিবগঞ্জ উপজেলার আলাদীপুর কাজীপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর বিকেলে পুটু মিয়া নিজ বাড়িতে একই গ্রামের দুই শিশুকে ডেকে নেন। তারা হলেন- প্রথম শ্রেণির শিক্ষার্থী (৭), অন্যজন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী (৯)। ওই দুই শিশু সম্পর্কে তার নাতনি। পরে টাকার প্রলোভন দিয়ে দুই শিশুকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানায়, এ ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পুটু মিয়া প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
অবশেষে ওই দুই শিশু ৮ নভেম্বর তার বাবা মাকে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন সোমবার দুপুরে বৃদ্ধ পুটু মিয়াকে আটক করে হাত-পা বেঁধে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। এরপর শিবগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘ধর্ষক পুটু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু আইনে ধর্ষণ মামলা নেওয়া হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’