মূল সংবাদে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় গভীর রাতে বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কিরুদ্ধে।

এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগও উঠেছে। প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকায় পদ্মা সেতুতে আটকা পড়ে শত শত যানবাহন। এতে যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে ‘Danib Bin Iqbal’-এর ফেসবুক আইডিসহ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার করা ভিডিওতে অবরোধের দৃশ্য দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে বিপুলসংখ্যক মানুষ বৈঠা ও লাঠিসদৃশ বস্তু হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে জড়ো হয়েছেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ভিডিওতে কয়েক হাজার মানুষের উপস্থিতির দাবি করা হলেও প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জাজিরায় বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ
ফরিদপুরে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের
জাজিরায় বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকে। এতে পদ্মা সেতু দিয়ে চলাচলকারী যানবাহন দুই পাশে আটকা পড়ে। সেতুর ওপর ও সংযোগ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতের বেলায় হঠাৎ এমন পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভিডিওতে একের পর এক ককটেল বিস্ফোরণের মতো শব্দ পাওয়া গেলেও বিস্ফোরণের প্রকৃত সংখ্যা, ব্যবহৃত বিস্ফোরকের ধরন এবং কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে ক্ষতিগ্রস্ত যানবাহনের সংখ্যা, ভাঙচুরের সুনির্দিষ্ট স্থান এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে অবরোধকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার করা এসব ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে জড়ো হতে শুরু করলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটকে তালা দিয়ে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে। ঘটনার সময় থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও বক্তব্য পাওয়া যায়নি।

পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর টোলপ্লাজায় গভীর রাতে এমন অবরোধ, বিস্ফোরণের শব্দ ও যানবাহন ভাঙচুরের অভিযোগে জননিরাপত্তা এবং সড়ক যোগাযোগব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে এ সড়ক দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সের যাত্রীরা ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘গত রাতে তারা কর্মসূচি পালনের জন্য জড়ো হচ্ছে- এমন খবর আমাদের কাছে আসে। আমরা ধারণা করেছিলাম, ভোর ৫টার দিকে তারা কর্মসূচি পালন করবে।

সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি ও পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু পরে তারা কর্মসূচির সময় দুই ঘণ্টা এগিয়ে এনে হঠাৎ অবরোধ শুরু করে। এরপরও মাত্র ২০ মিনিটের মধ্যে আমরা তাদের প্রতিরোধ করতে সক্ষম হই।’

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও স্বাভাবিক হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী

পরের সংবাদ

চোখ ওঠা সমস্যার ঘরোয়া সমাধান জানালেন তাসনিম জারা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।