ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দেওয়ায় দগ্ধ হয়ে মো. কালাচাঁদ (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন।
জানা গেছে, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুর মটর ওয়ার্কশপ ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী ইবনে ইলিয়াস বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে রাত পৌনে ২টার দিকে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা বাসে অগ্নিসংযোগের সময় ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁদ (৫৫)। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।
এ বিষয়ে কোতোয়ালী থানা ওসি মো. মাহমুদুল হাসান বলেন, দুর্বৃত্তদের আগুনে নিহত বাস চালকের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এই বাসে অগ্নিকাণ্ডের সঙ্গে কারা জড়িত বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আমরা দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য কাজ করছি।